গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়কগুলো এখন অনিয়ন্ত্রিত ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার দখলে চলে গেছে। বাজার এলাকা থেকে পাচুড়িয়া মোড় পর্যন্ত মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে।
সড়কের মাঝখানে যাত্রী তোলা এবং যত্রতত্র পার্কিং করার কারণে ছোট শহরে তীব্র যানজট স্থায়ী রূপ নিয়েছে। স্কুল-কলেজ শিক্ষার্থী ও অফিসগামী মানুষ প্রতিদিন এই যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
শহরের ধারণক্ষমতা চার হাজার যানবাহন হলেও বর্তমানে কয়েকগুণ বেশি অবৈধ ইজিবাইক অবাধে চলাচল করছে। অভিযোগ রয়েছে, লাইসেন্সপ্রাপ্ত দেড় হাজার যানবাহনের বাইরে বাকি কয়েক হাজার যানবাহন কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে।
নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় চালকেরা রাস্তার দুই পাশ দখল করে রাখায় চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। ট্রাফিক বিভাগ জানায়, ইজিবাইকের সংখ্যা অতিরিক্ত হওয়ায় এবং নিয়ম না মানায় শৃঙ্খলা বজায় রাখতে তারা হিমশিম খাচ্ছেন।
পৌর কর্তৃপক্ষ সমস্যাটি স্বীকার করে ধাপে ধাপে পার্কিং উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পরিকল্পিত ব্যবস্থাপনা ও অবৈধ যানবাহন উচ্ছেদে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

