ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুটির মধ্যে একটি বাতিল এবং একটি স্থগিত রাখা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন।
বিষয়টি বিকেলে নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. কামরুলের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
মনোনয়ন বাতিল ও স্থগিতের কারণ সম্পর্কে মো. সাইফুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদ মনোনয়নপত্রের দ্বিতীয় ও তৃতীয় অংশ পূরণ করেননি এবং হলফনামাও দাখিল করেননি। ফলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুলের মনোনয়নপত্রে দলের চেয়ারম্যানের স্বাক্ষরের পরিবর্তে মহাসচিবের স্বাক্ষর থাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আপাতত তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ত্রুটি সংশোধন করলে তার মনোনয়ন বৈধ হিসেবে গণ্য করা হবে।
মনোনয়ন স্থগিত প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুল বলেন, “আমার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে যোগাযোগ করছেন। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।”
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আফজাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী দিলশানা পারুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ফারুক খান, খেলাফতে মজলিস মনোনীত প্রার্থী এ কে এম এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইসরাফিল হোসেন সাভারী,
গণঅধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. বাহাদুর ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী চৌধুরী হাসান সারওয়ার্দী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

