সিরাজগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শনিবার (৩ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
যাচাই-বাছাই শেষে তিনটি আসনে জমা দেওয়া মোট ১৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৩টি বৈধ ঘোষণা করা হয়। বিভিন্ন ত্রুটি ও অসংগতির কারণে বাতিল করা হয়েছে ৬টি মনোনয়নপত্র।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর–আংশিক সদর) আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। কাগজপত্রে ত্রুটি থাকায় বাতিল হয়েছেন দুইজন। তারা হলেন— নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব (প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকায়) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর (দাখিলকৃত কাগজপত্র ও ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে)।
সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজন বৈধতা পেয়েছেন। ঋণ খেলাপি হওয়ায় জনতা দলের প্রার্থী মো. সোহেল রানা এবং স্বাক্ষরের অমিল থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটার তথ্যের অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন এবং প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আব্দুর রউফের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করেই মনোনয়ন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা জানিয়েছেন, তারা আইনগত প্রক্রিয়ায় আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

