চলমান কনকনে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে কালাই উপজেলার খেটে খাওয়া ও দরিদ্র মানুষগুলো। দিনমজুর, রিকশাচালক, বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য রাতের শীত যেন আরও বেশি কষ্টের।
পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই সারারাত ঘুমাতে পারেন না, ছেঁড়া কাপড় বা পুরোনো কম্বল গায়ে জড়িয়ে কোনোমতে রাত কাটাতে হয়।
এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সদ্য প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন কালাই সোশ্যাল অর্গানাইজেশন।
শনিবার সকাল ১১টায় কালাই আহলে হাদীস মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কালাই পৌরসভার ৯টি ওয়ার্ডের শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালাই সোশ্যাল অর্গানাইজেশনের পরিচালক আবুল হাসনাত সরকার বাবলা। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। শীতের সকালে এই উদ্যোগ অসহায় মানুষদের মাঝে স্বস্তি ও আশার আলো জ্বালায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান আলী, কালাই আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা, কালাই আল মারকাযুল ইসলামী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে কর্মসূচিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
কম্বল পেয়ে মুলগ্রাম মহল্লার বাসিন্দা বৃদ্ধ আকামুদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, গত রাতে প্রচণ্ড ঠান্ডার কারণে তিনি ঘুমাতে পারেননি। দুই বছর আগে পাওয়া একটি পুরোনো কম্বল ছিঁড়ে যাওয়ায় সেটিই গায়ে জড়িয়ে সারারাত বসে কাটাতে হয়েছে। আজ নতুন একটি কম্বল পেয়ে তিনি অনেক উপকার পেয়েছেন বলে জানান। তার মতো আরও অনেক শীতার্ত মানুষ কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কালাই সোশ্যাল অর্গানাইজেশনের পরিচালক আবুল হাসনাত সরকার বাবলা বলেন, এই সংগঠন কোনো ঋণ কার্যক্রম বা বিদেশি সহায়তার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। এটি একটি সম্পূর্ণ সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোই এর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আজ নিজস্ব অর্থায়নে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে আরও ব্যাপক পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

