রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তুষার তালুকদার (১৭) নামের একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জীবন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। আহত তুষার তালুকদার একই গ্রামের জমসেদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ডাবালু জানান, জীবন শিবপুর হাট এলাকায় পবা হাইওয়ে থানার সামনে একটি চা স্টলে চা পান শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে তার মোটরসাইকেলটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই রাজশাহী থেকে ঢাকাগামী তুহিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৪৪৮৯) একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও পরে পুঠিয়া এলাকায় তা আটক করা হয়।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, জীবন একজন শ্রমিক। তিনি বানেশ্বর কলা হাটে কাজ করতেন। তিনি খুব অসহায় ছিলেন; তাঁর একটি ৫ বছরের মেয়ে ও দুই বছরের দুটি সন্তান রয়েছে।
ঘটনার পরপরই পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, জীবনকে ধাক্কা দেওয়া ঘাতক বাসটি স্থানীয় জনগণের সহায়তায় পুঠিয়ায় আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

