বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, দেশের মানুষ বিভ্রান্ত নয়; তারা যখন সুযোগ পায়, তখনই তাদের রায় দিয়ে দেয়।
শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা স্মৃতিসৌধের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন।
গয়েশ্বর রায় বলেন, “দেশবাসী অধীর অপেক্ষায় তার আগমনের প্রতীক্ষায় ছিল। এটি নিয়ে নানা ধরনের কথা ও সমস্যা ছিল। তার আগমনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রের অবসান হয়েছে। যে লড়াইটি গণতন্ত্রের জন্য, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য—সেটি সবসময়ই ছিল।”
তিনি আরও বলেন, “দেশের মানুষই তাকে সংবর্ধনা দিয়েছে, বিএনপি একা দেয়নি। গত ১৭ বছর ধরে বিএনপি, দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও গণতন্ত্রপ্রিয় মানুষরা গতকালের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জনগণের নেতা। ১৮ কোটি মানুষের ভবিষ্যৎ তার হাতে।”
গয়েশ্বর রায় বলেন, “এ দেশের মানুষ কখনো বিভ্রান্ত হয় না। তারা যখন সুযোগ পায়, তখনই তাদের রায় প্রদান করে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

