জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির উদ্দেশ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জামালপুর জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এ আয়োজন করে।
সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সনাক জামালপুরের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মেহেদী মাহমুদ খানসহ ভুক্তভোগীরা বক্তব্য রাখেন।
এ সময় হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। তারা হাসপাতালের নার্স ও স্টাফদের আচরণগত সমস্যার পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশন ও অন্যান্য অনিয়মের বিষয় তুলে ধরেন। প্রয়োজনের তুলনায় স্বল্প জনবল দিয়ে অধিক সংখ্যক রোগীর সেবা দেওয়ায় সীমাবদ্ধতার কথা উল্লেখ করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, "উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান ক্রমাগতভাবে উন্নত হচ্ছে। তবে জনবল সংকটের কারণে কিছু ক্ষেত্রে কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা রয়েছে। সরকারি সেবাকেন্দ্রগুলোকে সেবাগ্রহীতার দৃষ্টিকোণ থেকে পরিচালনা করতে হবে। সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীর মধ্যে আন্তরিকতা বাড়ালে অনেক সমস্যা সমাধান করা সম্ভব।"
অন্যান্য বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করতে হবে। স্বাস্থ্যসহ সকল সরকারি সেবা ব্যবস্থা হয়রানিমুক্ত, জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত করতে প্রশাসনকে কার্যকরভাবে কাজ করতে হবে।
গণশুনানীতে অন্তত ৬০ জন সেবাগ্রহীতা, ভুক্তভোগী ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক, নার্স, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন কর্মী, সনাক, এসিজি, ইয়েস সদস্যবৃন্দ ও টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

