জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালাই পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। আলোচনায় তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। স্বাধীনতার ঠিক আগমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করা।
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও অমলিন। তাদের আদর্শই আমাদের পথচলার প্রধান অনুপ্রেরণা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানিয়ে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিকতার চর্চা বাড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আল আলামীন এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির বিবেক। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করলেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

