বান্দরবানের আলীকদমে পরিবেশ সংরক্ষণ ও পাহাড় ধস প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আলীকদম সেনা জোন। যৌথ অভিযানে অবৈধ পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা এবং মাটি বহনকারী ৩টি ডাম্পারসহ এক্সকাভেটরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ভোর রাতে আলীকদম উপজেলার পাহাড়তলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. হিফজুল হাসিম। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে স্ক্যাভেটর দিয়ে পাহাড় কাটার প্রমাণ পায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে অবৈধভাবে পাহাড়ের মাটি বহনের দায়ে ৩টি ডাম্পার ও একটি এক্সকাভেটরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে অভিযুক্ত আব্দুর রহমান ও আরাফাত হোসেনকে আটক করা হয়। পাশাপাশি জব্দকৃত যানবাহনগুলো আলীকদম থানা পুলিশের সহায়তায় থানার হেফাজতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করলে ব্যক্তি ও যানবাহনগুলো মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
আলীকদম সেনা জোন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পাহাড়ের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও এলাকার শান্তি নিশ্চিত করতে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

