বাগেরহাটের মোংলায় নিজ বাড়ির সামনে থেকে অপহরণের শিকার হয়েছেন অর্থী মন্ডল (১৭) নামের এক কলেজ ছাত্রী। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। মামলা দায়েরের পরও অভিযুক্তরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবার ও স্থানীয়দের মধ্যে।
ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড এলাকায়। অপহৃত অর্থীর চাচা সবুজ মন্ডল বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলায় জয় মন্ডলকে (২৫) প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও বিনয় মন্ডল (৩০), দীপিকা মল্লিক (৪৫), মিহির বিশ্বাস (৫০), তরুন মন্ডল (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের সবাই মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কলেজে যাতায়াতের পথে জয় মন্ডল দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছাত্রীকে উত্যক্ত করতেন। পরিবারের পক্ষ থেকে তাকে সাবধান করা হলেও, এতে ক্ষিপ্ত হয়ে জয় তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে অর্থী মন্ডলকে অপহরণ করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত অর্থী মন্ডলের উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

