কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ কেবল একটি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বিচ্ছিন্ন করায় তিন ঘণ্টা বন্ধ ছিল হাসপাতালের সব ধরনের কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত হাসপাতালটি বিদ্যুৎবিহীন ছিল।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ নিজে এসেছিলেন এবং একটি চিঠিও দিয়েছেন। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। বরাদ্দ না থাকায় বিল পরিশোধ সম্ভব হয়নি। জুলাইয়ে নতুন অর্থবছরের বরাদ্দ এলেই বিল পরিশোধ করা যাবে বলে জানানো হয়েছিল। তবে প্রকৌশলী রউফ এ সময়টুকুও ধৈর্য ধরেননি। হোয়াটসঅ্যাপে শুধু একটি মেসেজ দিয়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ক্ষোভ প্রকাশ করে ডা. হেলিশ বলেন, ‘২৪ বছরের চাকরি জীবনে এমন নজিরবিহীন ঘটনা আগে দেখিনি। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক।’
এ বিষয়ে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ বলেন, হাসপাতালের আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। মোট পরিমাণ এক কোটি ৮ লাখ টাকা। সব প্রক্রিয়া অনুসরণ করেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিল পরিশোধের লিখিত আশ্বাস পাওয়ার পর দুপুর ১২টা ১০ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

