পিরোজপুরের ইন্দুরকানীতে মালবোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় কলারন–সন্ন্যাসী–মোড়েলগঞ্জ–পিরোজপুর সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় ট্রাকে থাকা কেউ হতাহত না হলেও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে যান চলাচল।
শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকার খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এতে ইন্দুরকানী থেকে কলারন–সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রী সাধারণ।
স্থানীয়রা জানান, মালবাড়ি এলাকার বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ছিল। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যান চলাচল নিষিদ্ধ থাকলেও নিয়মিত ভারী যান চলাচল হতো। ঘটনার দিন কয়লা ভর্তি ট্রাকটি ব্রিজে উঠলে অতিরিক্ত ওজনের কারণে তা ভেঙে পড়ে। ট্রাকটি এখনো ব্রিজসহ খালে পড়ে আছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

