রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদের নারীর সঙ্গে নাচের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গোয়ালন্দ ও রাজবাড়ীর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
‘রাজবাড়ী জেলা আপডেট নিউজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘পতিতালয়ে যৌনকর্মীর সাথে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিপন মদপান করে নারী নিয়ে নষ্টিফষ্টি করে। শিপনের ইনকামের উৎস কী, সবাই একটু জানাবেন।’ এমন মন্তব্যের সঙ্গে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শিপন আহমেদ মুঠোফোনে জানান, ‘ভিডিওটি আমার পারিবারিক একটি অনুষ্ঠানের নৃত্যের ভিডিও। সেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। এটি কোনো খারাপ পরিবেশ বা পতিতালয়ের ভিডিও নয়। আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।’
গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, ‘আমি যতটুকু জেনেছি, এটি পারিবারিক অনুষ্ঠানের অংশ। ভিডিওতে কোনো আপত্তিকর কিছু দেখিনি। ভিডিওতে পতিতালয়ের কথাও বলা হলেও, আমি এ বিষয়ে কোনো প্রমাণ পাইনি। তবে শিপনই ভিডিওতে ছিলেন, এটা নিশ্চিত। যদি কোনো অসদাচরণের প্রমাণ পাওয়া যায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, ভাইরাল ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। রাজনৈতিক অঙ্গনে এ বিষয়ে কৌতূহল ও বিতর্কও বাড়ছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

