শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে হাজেরা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন স্থানীয় খোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনিকে আনতে হাজী মোড় এলাকার একটি মাদ্রাসায় যান। ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা নাতনি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ / শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

