জেসমিন বেগম নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে তার স্বামী মিলন শেখকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত আসামি মিলন শেখ ফরিদপুর সদরের বিলমামুদপুর এলাকার আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার মো. সিদ্দিক শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়ার প্রতিবাদের জের ধরে ২০১৯ সালের ২০ মার্চ সকালে বিলমামুদপুরের আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার স্বামীর বসতঘর থেকে জেসমিন বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তাকে স্বামীর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় একইদিন কোতোয়ালি থানায় গৃহবধূ জেসমিনের বাবা ইউনুস শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৭ জুলাই অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করে।
একুশে সংবাগ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

