কুমিল্লার চান্দিনায় বড়ভাইকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে বাম চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকিয়ে দিয়ে হত্যা করেছে ছোটভাই। গরুর গোবর ফেলা কেন্দ্র করে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসি।
বুধবার দুপুর পৌনে ১২টায় চান্দিনা উপজেলা সদরের আনিস মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া (৩৫) ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে হানিফ বড়। হত্যাকারী আনিস মিয়া নিহতের আপন ছোটভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাইয়ের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশের একটি অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছে। বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলা কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে মেজভাই আনিস মিয়া বড়ভাই হানিফ মিয়াকে মারধর করে একপর্যায়ে তাকে কাঠের চোখা টুকরো দিয়ে আঘাত করায় ওই কাঠের চোখা অংশ বাম চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ ও মস্তিস্কে আঘাতজনিত কারণে মৃত্যু ঘটে।
ঘটনাস্থল থেকে চান্দিনা থানার এসআই মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

