রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হয়েছেন ডাকসুর নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ বিষয়ে ডাকসুর সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা করেছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ বি জুবায়েরসহ ছাত্রশক্তি ও শিবিরের নেতাকর্মীরা থানায় এলে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করে। তবে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা তাদের রক্ষা করেন।
জানা যায়, ফেসবুকে ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ছড়ানোর অভিযোগ উঠে। সেটি নিয়েই দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে রাত পৌনে ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম শাহবাগ থানায় উপস্থিত হন। একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডাকসু ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।
এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসু ভিপি সাদিক কায়েম মুখোমুখি হন। উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা দু-দিকে চলে যান।
এর কিছুক্ষণ পর ছাত্রদলের সভাপতি ও পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এ বি জুবায়েরসহ বাকিদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নিয়ে যান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

