জুলাই বিপ্লবের অন্যতম সংগঠন জাতীয় ছাত্রশক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছে। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় সড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল— “অ্যাকশন চাই, ডাইরেক্ট অ্যাকশন”, “হাদীর ওপর গুলি কেন, প্রশাসন জবাব দাও” এবং “এক, দুই, তিন, চার—জাহাঙ্গীর গদি ছাড়”।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। তিনি দাবি করেন, এই কর্মসূচির উদ্দেশ্য জনভোগান্তি সৃষ্টি নয়, বরং ন্যায়বিচার ও জনমত প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এতে সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

