আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে আজ মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড়পর্দায় সম্প্রচার করা হবে না।
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে এই আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আয়োজক প্রতিষ্ঠান ‘এথলেট স্পোর্টস গিয়ার’ এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় ক্যাম্পাসের পাঁচটি স্থানে বড়পর্দায় ম্যাচটি দেখানোর আয়োজন করা হয়েছিল।
নির্ধারিত ভেন্যুগুলো ছিল—টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় প্রাঙ্গণ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠ ।
আয়োজকদের ভাষ্য, খোলা মাঠে বড়পর্দায় খেলা সম্প্রচারের ক্ষেত্রে ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া বড় ধরনের কারিগরি ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করে। এ কারণেই দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
তবে আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামীকাল বুধবার (৮ জুলাই) থেকে নির্ধারিত পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের ম্যাচগুলো পুনরায় বড়পর্দায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে আয়োজকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

