AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরসরাইয়ের পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৯:০৮ পিএম, ৭ জুলাই, ২০২৬

মিরসরাইয়ের পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

মঙ্গলবার বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে শুক্রবার (১০ জুলাই) বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এসময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না। একইসঙ্গে দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড়ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল ধরেননি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনায় পানির স্রোত অনেক বেশি। এসময় ঝরনায যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ১০ জুলাই পর্যন্ত ঝরনায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!