কেন্দ্রঘোষিত মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে লিচু, লেবু, পেয়ারা, নিম গাছসহ বিভিন্ন জাতের আমের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য আবু নাছির ত্বোহা, বাকৃবি শাখা সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন এবং শাখা সেক্রেটারি কৃষিবিদ তানভীর আঞ্জুম।
বাকৃবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক শিবলী সাদী বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ইসলামে বৃক্ষরোপণ একটি অত্যন্ত পুণ্যময় কাজ এবং সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত।
তিনি আরও জানান, তবে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি, বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক বৃক্ষনিধনের ফলে ক্যাম্পাসের পরিবেশ ও বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, যেন পরিবেশ ও গাছপালার ক্ষতি না করে উন্নয়ন প্রকল্পসমূহের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

