গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১৭ মে) সকাল থেকেই নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের যোগদানের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করে অবস্থান নেন। অন্যদিকে, উপাচার্যের যোগদানকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে জড়ো হন ডুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা।
বেলা ১১টার দিকে নবনিযুক্ত উপাচার্যের গাড়ি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে মূল ফটক বন্ধ করে বাধা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা হামলা চালিয়েছে। এর প্রতিবাদে ক্যাম্পাসের ভেতরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের দাবি, সংঘর্ষের পর ক্যাম্পাস এলাকা থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভেতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে গেটের বাইরে থাকা পুলিশ, সাংবাদিক ও সাধারণ ছাত্রসহ ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন।”
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান করছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামে। তাদের দাবি, ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

