AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিতে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার প্রতিবাদ ঘিরে আন্দোলন ‘হাইজ্যাকের’ অভিযোগ



জাবিতে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার প্রতিবাদ ঘিরে আন্দোলন ‘হাইজ্যাকের’ অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে আয়োজিত আন্দোলনকে ‘হাইজ্যাক’ করার অভিযোগ উঠেছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ দাবি করেছেন, পূর্বঘোষণা ছাড়াই একটি রাজনৈতিক ছাত্রসংগঠন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে।

বুধবার (১৩ মে) রাত প্রায় ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। পরে আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তোলেন।

তিনি বলেন, “ছাত্রদল, ছাত্রশক্তিসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক শিক্ষার্থীরা আমাদের বোনের প্রতি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার বিচারের দাবিতে একত্র হয়েছিল। কিন্তু পূর্বঘোষণা ছাড়া ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিচার দাবির বিষয়টি বাদ দিয়ে মিছিলকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবির দিকে নিয়ে গেছে।”

তার দাবি, এসব দাবি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আলোচনার চেষ্টা করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি অভিযোগ করেন, “বামপন্থী ডিরেক্টেড এই মিছিলকে আমরা প্রত্যাখ্যান করছি। দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।”

অনন্যা ফারিয়া আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, অপরাধের বিচার চাই। কোনো রাজনৈতিক উদ্দেশ্যের দাবার গুটি হতে চাই না।”

এদিকে সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “আমরা এখানে এসেছি ধর্ষকের শাস্তি নিশ্চিতের দাবিতে। নিপীড়িত বোনের পাশে দাঁড়াতেই আন্দোলনে অংশ নিয়েছি।”

তিনি অভিযোগ করে বলেন, “যারা শুরু থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং শিক্ষার্থীদের একত্র করেছে, তাদের বাদ দিয়ে একটি গোষ্ঠী নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!