জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ সিজন-১০ এর ক্যাম্পাস ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) দুপুর ১টা ৩০ মিনিটে নিটার কনফারেন্স রুমে শুরু হওয়া এই আয়োজনটি ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমুখর। Textile Today আয়োজিত এবং নিটার সায়েন্স সোসাইটির বাস্তবায়ন সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক ও টেক্সটাইল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল — "Prove yourself in taking the lead to integrate `Innovativeness` as next big `Competitiveness` for you and the industry."
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লিটল স্টার স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা।
অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ ও ইন্ডাস্ট্রি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ আমির হামজা, ম্যানেজার (টেকনিক্যাল সেলস), ট্রান্সফার কেমিক্যালস বাংলাদেশ কোং লিমিটেড। শাহরুক খালেদ, সিনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল সার্ভিসেস), কোটস বাংলাদেশ লিমিটেড। রাহবার হোসেন, এজিএম, টেক্সটাইল টুডে ইনোভেশন হাব। এনামুল হাফিজ লতিফি, চিফ রিসার্চ অফিসার, টেক্সটাইল টুডে। নাজমুস সাকিব, ম্যানেজিং এডিটর, টেক্সস্পেস টুডে এবং আশরাফুল ইসলাম, সিনেমাটোগ্রাফার, টেক্সটাইল টুডে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাবিবা সালওয়া ইসলাম ও অদ্রি সরকার। শুরুতে অতিথিদের ফুলেল শুভেচনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে স্বাগত বক্তব্য এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।
বক্তারা তাদের বক্তব্যে দেশের টেক্সটাইল শিল্পের সম্ভাবনা, বর্তমান অবস্থা এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা উল্লেখ করেন, প্রযুক্তিগত পরিবর্তন ও বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা অর্জনই পারে এই খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। একইসঙ্গে ইনোভেশনের মাধ্যমে কীভাবে টেক্সটাইল শিল্পে গুণগত পরিবর্তন আনা সম্ভব, সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র একাডেমিক জ্ঞান নয়, বাস্তবমুখী দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটও নিজেকে “এক্সপেরিয়েন্সড” গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় মূল প্রতিযোগিতামূলক অংশ টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এর ক্যাম্পাস রাউন্ড কুইজ প্রতিযোগিতা, যা অনলাইনে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উদ্যম এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে আয়োজকরা সকল অংশগ্রহণকারী ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

