শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্যোক্তা মেলা–২০২৬ আয়োজন করা হয়েছে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ২২টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্যোক্তা মেলার আহ্বায়ক ড. দীপংকর কুমার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, আইন অনুষদের ডিন মানসুরা খানম, এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মো. মাহবুব হাসান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
বিকেলে উদ্যোক্তা মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

