AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে হলেও আমি বিপক্ষে: জহির উদ্দিন তুহিন


Ekushey Sangbad
আব্দুল মজিদ,কবি নজরুল কলেজ প্রতিনিধি
০৬:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে হলেও আমি বিপক্ষে: জহির উদ্দিন তুহিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেছেন, “আপনারা সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে হলেও আমি এর বিপক্ষে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কবি নজরুল কলেজের মুক্ত মঞ্চে জুলাই স্মৃতি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই–আগস্ট আন্দোলনের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন তুহিন বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি এবং চূড়ান্ত সার্থকতা অর্জন করেছি। বিগত স্বৈরাচারী সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি; ভোটকেন্দ্রে গিয়ে দেখেছে তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। আগে এই ধরনের সংস্কৃতি চালু ছিল। কিন্তু এবার ভোটের একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, নির্বাচনী পরিবেশ হয়েছে জমজমাট।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরোধিতা করে তিনি বলেন, “সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে হলেও আমি এর বিপক্ষে। কারণ কবি নজরুল কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজের শত বছরের ঐতিহ্য রয়েছে। আজ হয়তো সেই ঐতিহ্য থাকবে, কিন্তু দুই-এক বছর পর তা আর থাকবে না। ছাত্ররাজনীতি বন্ধ হয়ে যাবে। প্রকাশ্যে ছাত্ররাজনীতি না থাকলেও গোপন সংগঠন গড়ে উঠবে, যারা নানা ভাষায় বক্তব্য দেবে।”

তিনি আরও বলেন, “আজ বুয়েট ক্যাম্পাস কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ভাষায় স্লোগান দেওয়া হয়, তা কোনো সাধারণ ছাত্রছাত্রী দিতে পারে না। আমি বলতে চাই, এটি একটি সাজানো পরিকল্পনার অংশ।”

ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জহির উদ্দিন তুহিন বলেন, “আসলে ক্যাম্পাসগুলোতে কী হচ্ছে, তা আমরা পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তাই আমাদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ অন্যান্য ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান থাকবে—সবাই সজাগ থাকবেন, যেন ক্যাম্পাসগুলোতে কোনো গোপন বা ধর্মবিরোধী রাজনীতি ছড়িয়ে না পড়ে। তারা যে ভাষায় কথা বলছে, তা কখনোই কাম্য নয়।”

অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল কলেজ শাখার সভাপতি মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুর রহমান এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ ছাত্রদলের সভাপতি ইরফান আহমেদ ফাহিম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কবি নজরুল কলেজ ইসলামী আন্দোলনের সভাপতি দেওয়ান মুহাম্মদ তাজিমসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!