AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জকসু নির্বাচন

২০ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্রার্থী


Ekushey Sangbad
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৪:২৫ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

২০ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের এখন পর্যন্ত ঘোষিত ২০টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্রার্থী। তিনি পেয়েছেন ২ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবের প্রাপ্ত ভোট ২ হাজার ৩৮২। এখনো ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিসংখ্যান বিভাগের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে দীর্ঘ বিরতি ও কারিগরি সমস্যার কারণে রাত সাড়ে ১২টার পর ভোট গণনা শুরু করা হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, মূলত অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিন ব্যবহার করে ভোট গণনা চলছে।

ক্যাম্পাস সূত্র জানায়, প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট রাত সাড়ে ১২টার পর হাতে গণনা শুরু হলেও নির্ধারিত সময়ে তা শেষ না হওয়ায় পুনরায় ওএমআর মেশিনে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে ৩৮টি বিভাগ, দুটি ইনস্টিটিউট এবং একটি হল সংসদের ভোট গণনা সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানান, ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে ৩০০ ব্যালট হাতে গণনা করা হয়। এরপর একই ব্যালট দুটি ওএমআর মেশিনে গণনা করে ফলাফল মিলিয়ে দেখা হয়। যে মেশিনের ফল ম্যানুয়াল গণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেটির মাধ্যমেই পরবর্তী গণনা চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিতভাবে হাতে গণনার মাধ্যমে ওএমআর যাচাই করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে ভোট গণনা বন্ধ রাখা হয়। পরে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে রাত দেড়টার দিকে পুনরায় গণনা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় সংসদে মোট ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ রাখতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!