AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারার মহালখান বাজার সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ



আনোয়ারার মহালখান বাজার সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্দর এলাকার মহালখান বাজার সড়কের উন্নয়নকাজ শেষ পর্যায়ে পৌঁছালেও পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কের একটি অংশ হাঁটুসমান পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী এবং হযরত শাহ মোছেন আউলিয়া (রহ.)-এর পবিত্র ওরশ উপলক্ষে আগত হাজারো ভক্ত-মুরিদ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, সড়কটি উঁচু করার ফলে উন্নয়নকাজের বাকি থাকা অংশে বৃষ্টির পানি জমে রয়েছে। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি দ্রুত অপসারণ সম্ভব হচ্ছে না এবং পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সড়কের উন্নয়নকাজ প্রায় শেষ হলেও পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা রাখা হয়নি। সামান্য বৃষ্টিতেই দোকানের ভেতরে পানি ঢুকে পড়ছে, ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নের নামে সড়ক উঁচু করা হলেও বৃষ্টির পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমের শুরুতেই পুরো এলাকা জলাবদ্ধতার ঝুঁকিতে পড়েছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এদিকে হযরত শাহ মোছেন আউলিয়া (রহ.)-এর পবিত্র ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত-মুরিদরা জানান, দরবার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে এসে প্রধান সড়কে হাঁটুসমান পানির কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের সামান্য অংশের কাজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা অসম্পূর্ণ থাকায় চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

তবে সড়ক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান রেনেসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইলিয়াস বলেন, পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পাইপ ইতোমধ্যে ক্রয় করা হয়েছে এবং তা স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু পাইপ স্থাপনের স্থান নিয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তির আপত্তি ও বাধার কারণে কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

অন্যদিকে স্থানীয়দের দাবি, বাধা বা অন্য কোনো কারণ দেখিয়ে সমস্যার সমাধান বিলম্বিত করা গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!