AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে কিশোর গ্যাং সদস্যদের হামলায় নারীসহ আহত ২


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৬:২২ পিএম, ১৯ জুন, ২০২৬

শ্রীপুরে কিশোর গ্যাং সদস্যদের হামলায় নারীসহ আহত ২

গাজীপুরের শ্রীপুরে দোকানের সামনে অটোরিকশা দাঁড় করিয়ে ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাং সদস্যদের হামলায় এক নারী ও তার দেবর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার হাসপাতাল সড়কের সাগর টেলিকমের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

আহতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার বাঘরা গ্রামের স্বপনের মেয়ে মাধুরী আক্তার (২৪) এবং তার দেবর রিয়াদ (১৮)। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) সকালে আহত নারীর বাবা স্বপন শ্রীপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অসুস্থ এক আত্মীয়কে দেখতে মাধুরী আক্তার ও তার দেবর রিয়াদ অটোরিকশাযোগে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় আসেন। হাসপাতাল সড়কের পাশে অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় স্থানীয় ব্যক্তি শহিদুল্লাহ রিকশা সেখানে দাঁড় করানো নিয়ে আপত্তি তোলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি লোহার পাইপ দিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরে আরও কয়েকজন যোগ দিয়ে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ ও কাঠের টুকরা দিয়ে মারধর করেন। হামলায় মাধুরী আক্তার, রিয়াদ এবং তাদের স্বজন রত্না আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় মাধুরী আক্তারের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন এলাকায় কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্তরা এর আগেই পালিয়ে যায়। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!