ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লবকে সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা নীড় ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ বারের বেশি রক্তদানকারী ব্যক্তি এবং রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখা সংগঠনগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সেবা নীড় ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব এবং শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ প্রাইভেট হাসপাতাল লিমিটেডের পরিচালক শামসুদোহা মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান, সেবা নীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব এবং গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুল আহামেদ নাসিম।
অনুষ্ঠান শেষে ৩০ বারের অধিক রক্তদানকারী ছয়জন ব্যক্তি এবং তিনটি সংগঠনকে সম্মাননা জানানো হয়। এর মধ্যে সর্বোচ্চ ৮৮ বার স্বেচ্ছায় রক্তদান করে বিশেষ সংবর্ধনা লাভ করেন দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব। তিনি ১৯৯১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে রক্তদান করে এই অনন্য মাইলফলক অর্জন করেছেন।
এছাড়া দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন ৫২ বার রক্তদান করে সম্মাননা লাভ করেন। অন্যান্য সম্মাননাপ্রাপ্তরা হলেন— হিমেল মাহামুদুর, ইমরান হোসেন হৃদয়, শাহজাহান হোসেন ও আজিজুল ইসলাম, যারা ৩০ থেকে ৪০ বার রক্তদান করেছেন।
সংগঠন পর্যায়ে সম্মাননা অর্জন করে গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদ্রুত ব্লাড ডোনার সোসাইটি এবং ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান করলে সমাজের আরও মানুষ এ ধরনের মানবিক কাজে উদ্বুদ্ধ হবে এবং নিরাপদ রক্ত সংগ্রহ কার্যক্রম আরও শক্তিশালী হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

