জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত আটটি কেন্দ্রের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে। তবে সহসভাপতি (ভিপি) পদে ব্যবধান খুবই কম, মাত্র ছয় ভোটের।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট নিয়ে এগিয়ে আছেন। একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৯৯ ভোট এবং ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
শীর্ষ তিন পদের পাশাপাশি অধিকাংশ সম্পাদকীয় পদেও শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক—এই দুই পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর কয়েকটিতে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা প্রতিযোগিতামূলক অবস্থানে আছেন।
উল্লেখ্য, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে পুনরায় গণনা শুরু করা হলেও এখনও পুরো প্রক্রিয়া শেষ হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা পর ভোট গণনা পুনরায় শুরু হয়। তবে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র আটটি কেন্দ্রের ফল ঘোষণা করা সম্ভব হয়েছে। এখনো ৩১টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে।
এ পর্যন্ত ফল ঘোষিত কেন্দ্রগুলো হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), মাইক্রোবায়োলজি, ফিন্যান্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

