জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণে যুক্ত সব পক্ষকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বিজয়ী হবে, কেউ পরাজিত হবে—এটাই স্বাভাবিক। তবে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যেন কোনো পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ না করেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে রইচ উদ্দিন বলেন, এসব অভিযোগ শিক্ষক সমাজের নজরে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জটলা লক্ষ্য করা যাচ্ছে। তবে এসব থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দীর্ঘদিনের অপেক্ষার পর মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রায় দুই দশক পর আয়োজিত এই নির্বাচনে ১৬ হাজারের বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

