`সুস্বাস্থ্য আর যোগ্যতায়, এগিয়ে রবো বিশ্বময়`—এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে `ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫` আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শহীদ আনাস হলের ব্যাডমিন্টন মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। বর্তমান সময়ে শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে মাঠমুখী করা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যেই এই বিশেষ আয়োজন বলে জানান আয়োজকেরা।
টুর্নামেন্টে মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল অংশ নেয়। গ্রুপ-এ তে ইবি ল্যাবরেটরী স্কুলকে হারিয়ে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে। এছাড়া গ্রুপ-বি`তে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ইবি ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন। এসময় তিনি বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধূলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এসময় শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে বের হয়ে বিভিন্ন ধরনের খেলাধূলা করার আহ্বান জানান তিনি।
টুর্নামেন্টটি পরিচালনা করেন আসরের সাহিত্য সম্পাদক ওয়েজ করুনী। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারারমেলা শাখার সহকারী পরিচালক মুবাশ্বির আলম ও প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল হোসাইন।
এসময় ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার পরিচালক আহনাফউজ্জামান বলেন, `বর্তমান সময়ে শিশুরা ভার্চুয়াল জগতের প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে, যা তাদের সামাজিক ও শারীরিক বিকাশে বাধা দিচ্ছে। আমরা চেয়েছি শিশুদের খেলার মাঠে ফিরিয়ে আনতে। এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের মধ্যে দলগত মানসিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত হবে বলে আমরা বিশ্বাস করি।`
আয়োজনে অংশগ্রহণকারী অন্যান্য স্কুলগুলো হলো— ইবি ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজ, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

