রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটার পুনর্বহালের দাবিতে চলমান শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সাত দিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
তারা জানান, প্রশাসনের সঙ্গে আলোচনার পরবর্তী অগ্রগতি ও সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ১টা থেকে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।
আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে আমাদের যে দাবি ছিল তা পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। সংগত কারণে আমরা আপাতত আমাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করলাম। প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আশা করছি, প্রশাসন এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন। অন্যথায়, সাতদিন পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

