কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি না পেলেও জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমার আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি।
জানা যায়, আগামী ২৫ জুলাই বাদ আছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা’র আয়োজনের পরিকল্পনা করে সংগঠনটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের কাছে অনুমতির আবেদন করা হয়।
তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কর্মসূচির অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরও পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা।
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি বলেন, “প্রক্টর দপ্তরের কাছে আমরা অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কথা জানিয়ে অনুমতি দেওয়া হয়নি। এরপরও আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম উপস্থিত থাকবেন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “তাঁরা আমাদের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর নিরাপত্তা নিশ্চিত করার মতো সক্ষমতা আমাদের নেই। তাই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।”
অনুমতি ছাড়া কর্মসূচি আয়োজনের বিষয়ে তিনি বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া যদি তাঁরা কর্মসূচি আয়োজন করেন এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা ঘটে, তাহলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।”
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

