AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৪ এএম, ১ জুলাই, ২০২৬

একুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

নিজেদের সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত আসতেকা স্টেডিয়ামে দারুণ এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। একুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল স্বাগতিকরা।

বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকোর হয়ে গোল করেন হুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেস। প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বজ্রঝড়ের কারণে খেলা এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ষষ্ঠ মিনিটে লুইস রোমোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে তার বাড়ানো বল থেকে রাউল হিমেনেস হেড করলেও সেটিও কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছায়নি।

প্রথমদিকে মেক্সিকোর চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে একুয়েডর। ১৮তম মিনিটে গনসালো প্লাতার দারুণ উদ্যোগে জন ইবোয়া গোলের সুযোগ তৈরি করলেও তার জোরালো শট পোস্টে লেগে বাইরে চলে যায়।

২২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় মেক্সিকো। হেসুস গাইয়ার্দোর নিখুঁত পাস পেয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে গোল করেন হুলিয়ান কিনোনেস।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। একুয়েডরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে কিনোনেসের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর রাউল হিমেনেস নিখুঁত শটে বল জালে পাঠান।

প্রথমার্ধের শেষ দিকে একুয়েডর আক্রমণের তীব্রতা বাড়ালেও মেক্সিকোর গোলরক্ষক রাউল রাহনেলের দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি।

বিরতির পর বলের দখলে কিছুটা এগিয়ে ছিল একুয়েডর। তবে মেক্সিকোর রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে ৬৭তম মিনিটে সেসার মন্তেসের হেড অসাধারণ দক্ষতায় রুখে দেন একুয়েডরের গোলরক্ষক এর্নান গালিন্দেজ। পরের কর্নার থেকেও আরেকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকো।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে মেক্সিকো। একই সঙ্গে নকআউট পর্বে দীর্ঘ ৪০ বছরের জয়ের অপেক্ষারও অবসান ঘটায় উত্তর আমেরিকার দলটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!