জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথমবার টসে জিতে আকাশে মেঘলা আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ।
টস শেষে মিরাজ বলেন, মেঘলা আবহাওয়ায় শুরুতে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন। সেই সুযোগ কাজে লাগাতেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক Richard Ngarava বলেন, টসে জিতলেও তার দলও আগে বোলিং করার সিদ্ধান্ত নিত। তবে এখন ব্যাট হাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সংগ্রহ গড়াই তাদের লক্ষ্য।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে সফরটিকে মূল্যায়ন করছে টিম ম্যানেজমেন্ট।
সিরিজ শুরুর আগে মিরাজ বলেন, বিশ্বকাপকে সামনে রেখেই দল মাঠে নামছে।
তিনি বলেন, “আমাদের জন্য এটি একটি বড় সুযোগ। সামনে ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। এখানে তিনটি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছি। এতে প্রত্যেক খেলোয়াড় কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পাবে। আমরা যদি নিজেদের শতভাগ দিতে পারি এবং এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারি, তাহলে তা বিশ্বকাপের জন্য বড় সহায়ক হবে।”
হারারেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

