জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে বাংলাদেশ। একসময় ২ উইকেটে ১১৩ রান তুলে ভালো অবস্থানে থাকা টাইগাররা শেষ পর্যন্ত মাত্র ১৪০ রানেই অলআউট হয়েছে। অর্থাৎ শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ২৭ রানের ব্যবধানে।
হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ২ রান করে আউট হন। নিউম্যান নিয়ামহুরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। তবে আউটের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন জয়। সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগও পাননি।
আরেক ওপেনার সাদমান ইসলাম ২০ রান করে সাজঘরে ফেরেন।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ইনিংস মজবুত করার চেষ্টা করেন। তবে নিউম্যান নিয়ামহুরি মুমিনুলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন। ৮১ বলে ৬০ রানের ইনিংসে ৯টি চার মারেন মুমিনুল।
মুমিনুলের বিদায়ের পরই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। অধিনায়ক শান্ত ৭৩ বলে ১৯ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিম, টেস্ট অভিষিক্ত তাওহীদ হৃদয়, অমিত হাসানসহ কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে নিউম্যান নিয়ামহুরি ৪টি উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভানস দুটি করে উইকেট শিকার করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

