ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাফিসা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের রশিদের মেয়ের বিয়ে হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। তিনি বৃহস্পতিবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামেন।
একপর্যায়ে চারজন পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন। পরে নাঈমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে। নিখোঁজ নাফিসা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে নদীর গভীরতা ও স্রোতের কারণে ডুবুরি দলের সহায়তা প্রয়োজন হওয়ায় রংপুর থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী যৌথভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

