বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে বড় ধাক্কা খেল জার্মানি জাতীয় ফুটবল দল। পেশির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের তরুণ উইঙ্গার লেনার্ট কার্ল। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন লাইপজিগের মিডফিল্ডার আসান ওয়েদহাওগো।
মাত্র এক সপ্তাহ আগে জার্মানির জার্সিতে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন ১৮ বছর বয়সী কার্ল। চলতি মৌসুমে বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্লাবের ঘরোয়া ট্রেবল জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গত মার্চে জাতীয় দলে অভিষেকের পর দ্রুতই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন এই তরুণ উইঙ্গার।
তবে শিকাগোতে শুক্রবার অনুশীলনের সময় তার বাম উরুর পেশিতে গুরুতর চোট লাগে। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা হয়, এবারের বিশ্বকাপে আর খেলা সম্ভব নয় তার।
কার্লের ছিটকে যাওয়াকে জার্মানির জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন কোচ ইউলিয়ান নাগেলসম্যান। তিনি বলেন, “লেনির জন্য আমার খুব খারাপ লাগছে। তার প্রাণবন্ততা, গতি ও সৃজনশীলতা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই চোট আমাদের সবার জন্যই বড় ধাক্কা। তবে ভালো দিক হলো, সে এখনো খুবই তরুণ এবং সামনে তার অনেক সুযোগ আছে।”
অন্যদিকে দলে ডাক পাওয়া আসান ওয়েদহাওগোর ওপর আস্থা রাখছেন কোচ। নাগেলসম্যান বলেন, “ওয়েদহাওগো এমন একজন খেলোয়াড়, যার মধ্যে সাহস ও স্বাধীনভাবে খেলার মানসিকতা আছে। সে আমাদের দলে নতুন শক্তি যোগ করতে পারবে।”
বিশ্বকাপে ‘ই’ গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৪ জুন অভিযান শুরু করবে জার্মানি। এর আগে প্রস্তুতি ম্যাচে শনিবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে দলটি।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

