AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০০ পিএম, ২৩ জুন, ২০২৬

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ বদ্বীপ অঞ্চলের দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালোয়া জুইঙ্গির সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এ আহ্বান জানান। ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় বিকেল ৫টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অ্যালোয়া জুইঙ্গি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। জবাবে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডব্লিউইএফের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের চলমান কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

সরকারপ্রধান জানান, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, বন্যার ঝুঁকি কমানো এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর-সুবিধা দিচ্ছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডব্লিউইএফের প্রধান অ্যালোয়া জুইঙ্গি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে।

বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ডব্লিউইএফের বার্ষিক সভায় অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীনে অবস্থান করছেন। ‘সামার দাভোস’ নামে পরিচিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়ন্স’-এর ১৭তম বার্ষিক সভায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ২৬ জুন তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!