আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে আন্তর্জাতিক নজরদারি বাড়ছে। বোর্ড জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে শিগগিরই বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল।
রোববার (৩১ মে) বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির প্রতিনিধি দল আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসতে পারে। সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করে আইসিসি বোর্ডকে প্রতিবেদন দেবে।
আইসিসি প্রতিনিধি দলের সফরসূচি ও সদস্যদের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে বিসিবির নির্বাচন ঘিরে চলমান পরিস্থিতির কারণেই এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিসিবির নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের পরই আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস করপোরেশনে (আইবিসি) বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন চূড়ান্ত হবে।
গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবিতে একাধিক দফায় রদবদল হয়েছে। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি বোর্ড পরিচালনা করছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠিত হবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, সদস্য দেশের ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা, জবাবদিহি ও স্বাধীনতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন বা বড় পরিবর্তনের সময় আইসিসি সাধারণত পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে।
বিশ্লেষকদের মতে, এই সফর বিসিবি নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

