AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৫ পিএম, ১৬ মে, ২০২৬

চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি

আন্তোয়ান সেমেনিওর একমাত্র গোলে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জয় তুলে নিয়ে চলতি মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখল পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। চেলসি ছিল রক্ষণাত্মক, আর সিটিও নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ছন্দে দেখা যায়নি। ফলে প্রথমার্ধে বড় কোনো রোমাঞ্চ তৈরি হয়নি।

তবে এর মাঝেই গোলের দেখা পেয়েছিলেন আর্লিং হলান্ড। কিন্তু বিল্ডআপে মাথেউস নুনেস অফসাইডে থাকায় সেই গোল বাতিল করেন রেফারি। বিরতির আগে মার্ক গুয়েহির পাস থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি হলান্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বাড়ে। শুরুতেই নিকো ও’রাইলির ক্রস থেকে সহজ সুযোগ নষ্ট করেন আন্তোয়ান সেমেনিও। অন্যদিকে চেলসির ময়জেস কাইসেদোর হেড গোললাইন থেকে ক্লিয়ার করে দলকে রক্ষা করেন রদ্রি।

শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৭২ মিনিটে। আর্লিং হলান্ড ও বার্নার্দো সিলভার সমন্বিত আক্রমণ থেকে বল পেয়ে দারুণ এক ফ্লিকে গোল করেন সেমেনিও। তাতেই এগিয়ে যায় সিটি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় চেলসি। এনজো ফার্নান্দেজ দারুণ একটি সুযোগ পেলেও তার ভলি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু মাথেউস নুনেস ও রায়ান চেরকির শট রুখে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ।

তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই অষ্টমবারের মতো এফএ কাপের শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি। এটি পেপ গার্দিওলার অধীনে ক্লাবটির ২০তম শিরোপা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!