বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দাবি করেছেন, তার বিরুদ্ধে চলমান একটি মামলার তালিকা থেকে নাম বাদ দিতে তার কাছে এক কোটি টাকা দাবি করা হয়েছিল।
সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, মামলায় তার নাম যুক্ত হওয়ার পর একটি পক্ষ অর্থের বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেয়।
সাকিবের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মামলায় তার নামও অন্তর্ভুক্ত হয়। তবে তিনি দাবি করেন, এই মামলার তালিকা থেকে নাম সরানোর বিনিময়ে অর্থ দাবি করা হয়েছে, যা তিনি অস্বীকার করেছেন।
তিনি বলেন, “একটি পক্ষ বলেছিল এক কোটি টাকা দিলে মামলার তালিকা থেকে নাম তুলে দেওয়া হবে। কিন্তু যিনি এ প্রস্তাব দিয়েছেন, তিনি প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা রাখেন না।”
সাকিব আরও জানান, মামলার এফআইআরে যিনি বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তার মাধ্যমেই এই প্রস্তাবটি তার কাছে আসে। তবে কার মাধ্যমে যোগাযোগ হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
প্রস্তাবের জবাবে কী বলেছেন—এ প্রশ্নে সাকিব বলেন, অর্থ দিয়ে এ ধরনের বিষয় সমাধানের ধারণার সঙ্গে তিনি একমত নন। তার মতে, মামলার নাম বাদ দেওয়ার বিষয়টি আইনগত প্রক্রিয়ার ওপর নির্ভরশীল, ব্যক্তিগত লেনদেনের ওপর নয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

