পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে দুর্দান্ত বোলিং করে নজর কাড়লেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার গতি, নিয়ন্ত্রণ ও বৈচিত্র্যে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
ফাইনালে পেশাওয়ার জালমির হয়ে চার ওভারে মাত্র ২২ রান খরচায় ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন নাহিদ। তার এমন পারফরম্যান্স দলের জন্য বড় অবদান রাখে।
প্রথম ইনিংস শেষে টিভি সাক্ষাৎকারে শোয়েব মালিক বলেন, “সে অনেক স্পেশাল বোলার। তার গতি অসাধারণ, পাশাপাশি লাইন-লেন্থেও দারুণ নিয়ন্ত্রণ রয়েছে। এত গতির সঙ্গে এমন নিয়ন্ত্রণ থাকলে সে অবশ্যই বড় মাপের বোলার হয়ে উঠবে।”

রোববার হায়দরাবাদ কিংসমেন ও পেশাওয়ার জালমির মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে পেশাওয়ারকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় হায়দরাবাদ। ম্যাচের ষষ্ঠ ওভারে আক্রমণে আসেন নাহিদ। প্রথম ওভারে কিছুটা খরুচে হলেও দ্রুতই ছন্দে ফেরেন তিনি।

পরের তিন ওভারে একটি মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহর উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। গতি, বাউন্স এবং নিখুঁত ইয়র্কারের মিশেলে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখেন তিনি।

এর আগে এবারের পিএসএলে অভিষেক ম্যাচে তেমন সাফল্য না পেলেও পরবর্তী তিন ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৭ উইকেট শিকার করেন নাহিদ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরে যান তিনি।

সিরিজ শেষে বিশ্রামে থাকলেও পেশাওয়ার জালমির অনুরোধে বিসিবি তাকে ফাইনাল খেলার জন্য এনওসি দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল মঞ্চেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের এই গতিময় পেসার।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

