বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে আয়োজিত এ সভায় কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় ওয়ার্কিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে। গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম বাবু এবং টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।
এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে বোর্ডের কার্যনির্বাহী পরিষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির প্রথম সভায় আরও যেসব দায়িত্ব বণ্টন করা হয়েছে— গেম ডেভেলপমেন্ট ও বিপিএল বিষয়ক দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। মার্কেটিং ও ডিসিপ্লিন কমিটির দায়িত্বে রয়েছেন মির্জা সালমান ইস্পাহানি। ফিন্যান্স ও ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফিল খসরুকে।
এছাড়া, উইমেন্স কমিটির দায়িত্বে রাশনা ইমাম, লজিস্টিক দেখভাল করবেন ইয়াসির আলী এবং আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন আতাহার আলী। টেন্ডার ও পারচেজ কমিটির দায়িত্বে রয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ।
নতুন এই কমিটির মাধ্যমে বিসিবির কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

