সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা।
দলকে বরণ করতে বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজ হাতে ফুল দিয়ে দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে শুভেচ্ছা জানান। এ সময় ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবলে বড় অর্জন উদযাপনে এবার নতুন মাত্রা যোগ হয়েছে। প্রথমবারের মতো পুরুষ দলের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। এর আগে নারী দল সাফ জয়ের পর এই সম্মাননা পেয়েছিল।
চ্যাম্পিয়ন অ-২০ দলের ছবি দিয়ে সাজানো বাসে করে বিমানবন্দর থেকে খেলোয়াড়দের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে বাফুফের উদ্যোগে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে আলোকসজ্জা ও প্রস্তুতিতে মুখর হয়ে উঠেছে হাতিরঝিল এলাকা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

