দীর্ঘ অপেক্ষা ও নানা গুঞ্জনের পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান বলে বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন।
এর আগে তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা চলছিল। রমজানের আগে দেশ ছাড়ার পর তিনি কবে ফিরবেন—এ নিয়ে ক্রিকেট অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়। তবে বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছিল, পারিবারিক সফর শেষে ২৬–২৭ মার্চের মধ্যে তার ফেরার কথা ছিল।
নির্ধারিত সময় পার হলেও শেষ পর্যন্ত ২৮ মার্চ রাতে তিনি দেশে ফেরেন।
এদিকে বিসিবির সাম্প্রতিক নির্বাচন ও এর স্বচ্ছতা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কিছু পক্ষ অনিয়মের অভিযোগ তুলেছে, যা বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত তদন্ত কমিটির আওতায় রয়েছে।
অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত ওই পাঁচ সদস্যের কমিটি বিসিবি নির্বাচনের স্বচ্ছতা ও প্রক্রিয়া যাচাই করছে। কমিটির প্রতিবেদন শিগগিরই জমা পড়তে পারে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সভাপতি দেশে ফেরায় এখন তদন্ত প্রক্রিয়া ও বোর্ডের সামগ্রিক কার্যক্রমে নতুন গতি আসতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

