নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে ৫–০ গোলের জয় পেয়েছে উত্তর কোরিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে অনেকটা সময় পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। তবে ইনজুরি সময়ের শেষ দিকে পরপর দুই গোল করে এগিয়ে যায় উত্তর কোরিয়া। ফলে বিরতিতে যাওয়ার আগে ২–০ গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ফুটবল র্যাংকিং ও শক্তিমত্তা বিবেচনায় এটা তেমন অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের র্যাংকিং যেখানে ১১২, সেখানে উত্তর কোরিয়ার ৯। এই টুর্নামেন্টে সবেচেয়ে ভালো র্যাংকিংয়ের দলের বিপক্ষে বাংলাদেশের ৫ গোলে হার।
চীন এশিয়ান কাপের বর্তমান ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন। সেই তাদের বিপক্ষে সমানে সমান লড়ে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে চীন বাংলাদেশের জালে বলই পাঠাতে পারেনি। এশিয়ান চ্যাম্পিয়নদের সাথে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধেও প্রত্যাশা বেড়েছিল।
প্রথমার্ধে উত্তর কোরিয়া বাংলাদেশের জালে মোট পাঁচবার বল পাঠালেও ভিএআর প্রযুক্তির কারণে তিনটি গোল বাতিল হয়। ম্যাচের ১৪ মিনিটে হ্যান্ডবলের কারণে একটি গোল বাতিল হয়। এরপর বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের হাতে ধরা বল থেকে করা আরেকটি গোলও ভিএআরে ফাউল ধরা পড়ায় বাতিল করা হয়। পরে অফসাইডের কারণে আরেকটি গোলও বাতিল হয়।
ম্যাচের বেশ কিছু সময় উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় বাংলাদেশ। গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দুর্দান্ত সেভ করেন। এছাড়া একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।
তবে প্রথমার্ধের ইনজুরি সময়ের ছয় মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। অধিনায়ক আফিদা খন্দকার বক্সের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়কে জার্সি ধরে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে উত্তর কোরিয়া। এর দুই মিনিট পর রক্ষণভাগের ভুলে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথমার্ধেই তিনটি পরিবর্তন করে। গত ম্যাচে বদলি হিসেবে খেলা আনিকা ও স্বপ্না এবার প্রথমার্ধেই নামেন। উমহেলা একাদশে থাকলেও আজ প্রথমার্ধের শেষের দিকে নামেন। একাদশে ফেরা তহুরা ও আইরিন ম্যাচে ৪৫ মিনিটের বেশি সময় স্থায়ী হতে পারেননি। দ্বিতীয়ার্ধে নবীরনের পর উন্নতি খাতুনকে নামান বাটলার।
দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। আজ একই ভেন্যুতে সন্ধ্যায় চীন উজবেকিস্তানকে হারালে তাদের সঙ্গে উত্তর কোরিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। বাংলাদেশকে কোয়ার্টারে উঠতে হলে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট পেতেই হবে। এরপরও সেরা তৃতীয় দল হয়ে পরের ধাপে উঠতে অন্য দুই গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে।
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করলেও আক্রমণে তেমন কার্যকর হতে পারেননি ঋতুপর্ণা চাকমারা। উল্টো দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে আরও তিনটি গোল করে উত্তর কোরিয়া।
শেষ পর্যন্ত ৫–০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়া।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

