বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা। শুক্রবার বিকেলে হেলিকপ্টারে করে আকাশপথে এসে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে অবতরণ করে টুর্নামেন্টের রাজকীয় ট্রফি। ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
হেলিকপ্টার থেকে ট্রফি হাতে মাঠে নামেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি ও নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করা এই দুই অধিনায়ককেই ট্রফি উন্মোচনের দায়িত্ব দেওয়া হয়।

সালমা খাতুনের নেতৃত্বে ২০১৮ সালে বাংলাদেশ নারী দল এশিয়া কাপের শিরোপা জেতে, আর ২০২০ সালে আকবর আলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই দুই স্মরণীয় অর্জনের প্রতিনিধিত্ব হিসেবেই ট্রফি নিয়ে মাঠে হাজির হন তারা।
সাধারণত বিপিএল শুরুর আগেই ট্রফি নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হলেও এবারের আসরে ছিল ভিন্নতা। আগের দুই মৌসুমে ঐতিহাসিক স্থাপনা ও গণপরিবহনে ট্রফি প্রদর্শন করা হলেও এবার ফাইনালের আগমুহূর্ত পর্যন্ত তা গোপন রাখা হয়। ট্রফি উন্মোচনের পর আকবর ও সালমার কাছ থেকে শিরোপা গ্রহণ করে ফটোসেশনে অংশ নেন ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক—রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী হাসান।

ট্রফি প্রদর্শনের পর মাঠে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পারফর্ম করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পুরো আয়োজন ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এদিকে ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শুরুর প্রায় দুই দিন আগেই সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। আয়োজকদের ধারণা, সন্ধ্যা ৬টায় খেলা শুরুর আগেই কানায় কানায় ভরে উঠবে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি। এখন অপেক্ষা কেবল মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

